রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। এদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসআরবি-২ জানিয়েছে, মাহবুবের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুজনেরই বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
এসআরবি-২ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। এসআরবি-২ আরও জানিয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই তারা বিস্ফোরক দ্রব্য নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন।
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০: ২৪আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০০: ২৭





