অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে নেমেছে

Published: November 9, 2026, 3:06 pm

গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে মূল্যস্ফীতির এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের পেছনে প্রধান ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমে যাওয়া। সেপ্টেম্বরে খাদ্যে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ, যা অক্টোবরে কমে ৬ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে।

তবে খাদ্যপণ্যের দাম কমলেও সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ পুরোপুরি কমেনি। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, খাদ্য ছাড়া দৈনন্দিন অন্যান্য খরচের ক্ষেত্রে মানুষের ওপর আর্থিক চাপ বৃদ্ধি পেয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh