পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং চাটমোহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডিলার প্রবীর কুমার পাল ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে কৃষকদের মাঝে সরকারি সার বিতরণ করছিলেন। একপর্যায়ে সার নেওয়াকে কেন্দ্র করে লাইনে দাঁড়ানো কৃষকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন ডিলারের ওই টিনশেড ঘরটি ভাঙচুর করেন এবং ভেতরে থাকা সার নিয়ে যান। এতে সার বিতরণের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা সম্ভব হয়েছিল। বর্তমানে সেখানে ৪০০ বস্তা সার মজুত রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ডিলার প্রবীর কুমার পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে কথা হয় তাঁর চাচা সঞ্জিত পালের সঙ্গে। তিনি জানান, ঘটনার পর থেকে তাঁর ভাতিজা ভীত হয়ে আছে, তাই সে মুঠোফোন বন্ধ রেখেছে।
পরিস্থিতি পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থলে যান। এ সময় মাইকিং করে যাঁরা সার নিয়ে গেছেন, তাঁদের সেগুলো ফেরত দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে ছুটে গেছেন। হিসাব অনুযায়ী ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।





