জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রিসভায় অনুমোদিত বিল সংসদে পৌঁছাতে দীর্ঘ সময়ক্ষেপণের ঘটনায় তীব্র অসন্তোষ ও উষ্মা প্রকাশ করেছেন। সোমবার জাতীয় সংসদে 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' উত্থাপনের সময় তিনি নির্বাহী বিভাগের প্রতি এই ক্ষোভ জানান।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করার প্রাক্কালে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত এই বিলটি সংসদে আসতে চার মাস সময় লেগেছে। তিনি প্রশ্ন তোলেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও কেন নির্বাহী বিভাগ থেকে আইনসভায় বিলটি সময়মতো পাঠানো হয়নি। এই বিলম্বের কারণে সংসদ সদস্যরা বিলটি পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় পান না বলে তিনি মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার আরও জানান, নির্ধারিত সময়ের পর বিল আসায় তাকে বিশেষ ক্ষমতা বা 'টাইম কন্ডোন' ব্যবহার করে অনুমতি দিতে হচ্ছে। তিনি নির্বাহী বিভাগকে সতর্ক করে বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত বিল সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়। আইনসভাকে অবজ্ঞা না করে বরং একে শক্তিশালী করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সংসদে ক্ষোভ প্রকাশের পর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করেন। বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলে বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার আধুনিক পরিকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহারের পরিকল্পনা এবং জরিপের জন্য 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)' গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
একই দিনে সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এগুলো সংসদে পেশ করেন। অধ্যাদেশগুলো হলো—'পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬', 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬' এবং 'বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬' ।
সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২ বিল উত্থাপনের পূর্বে মন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, গত ২৩ জুলাই এটি মন্ত্রিসভায় অনুমোদিত হলেও চার মাস ধরে কেন সংসদে আসেনি?





