শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকসের চালান জব্দ, মূল হোতারা অধরা

Published: November 10, 2026, 3:26 am

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় কসমেটিকস বানের পানির মতো বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মাঝেমধ্যে এসব পণ্য আটক করলেও মূল ব্যবসায়ীরা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

গত রোববার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা এলাকা থেকে স্থানীয় জনতা ভারতীয় কসমেটিকসবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মালামালসহ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় প্রশ্ন উঠেছে—কে এই অবৈধ চালানের প্রকৃত মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিটি আটকের সময় মাটিফাটা এলাকার চালক আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যান। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ রয়েছে, চালক আশরাফুল কর্ণঝোড়া এলাকার চিহ্নিত চোরাকারবারি বিপ্লব মিয়ার পণ্য বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন।

সিহাব হাসান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সিএনজিটি আটকের পর চালক আশরাফুল এসব পণ্য চোরাকারবারি বিপ্লবের বলে উল্লেখ করেছিলেন। এদিকে, কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের আদিল মিয়া জব্দ করা কসমেটিকস ছাড়িয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে তদবির ও নানা চেষ্টা চালান। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হলে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি কৌশলে কেটে পড়েন। স্থানীয় রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রাইভার ও তদবিরকারী দুজনেই পরিচিত। তাহলে অবৈধ মালামালের আসল মালিক বের করতে পুলিশের এত গাফিলতি কেন? প্রভাবশালী রাজনৈতিক শেল্টারদাতাদের ছত্রছায়ায় এই ব্যবসা চলছে। আমরা এর সমূলে উৎখাত চাই।

পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৫৭৬টি সেসা হেয়ার অয়েল রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা। এছাড়া মালামাল বহনকারী সিএনজিটিও (জামালপুর-থ-১১-০৪৮০) জব্দ করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মালামাল জব্দসহ পুলিশের তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। সোমবার ৩৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh