মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে মসজিদের ভেতরে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় একটি সালিস বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহের-এর ছেলে এবং তিনি স্থানীয় চারআনি হালুয়াহাটা মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে চারআনী হালুয়াহাটা মসজিদের ভেতরে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত ওসমান মুন্সী। ঘটনার তিন দিন পর ১০ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক মাস পর সোমবার স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার জন্য সালিস ডাকা হয়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





