ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর এলাকার চাঁদপুর অংশের ড্রাগন বাগান সংলগ্ন স্থানে এ হামলার চেষ্টা চালানো হয়। তবে বাসটি চলন্ত থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে আছড়ে পড়ে। এতে বাসের ৩০-৩৫ জন শিক্ষার্থীর কেউ হতাহত হননি এবং বাসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শিক্ষার্থী ও বাস সূত্রে জানা গেছে, ঝিনাইদহের আরাপপুর থেকে শিক্ষার্থীদের নিয়ে 'দিগন্ত' নামের ডাবল ডেকার বাসটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ যানজটে আটকে ছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস। যানজট ছাড়ার পর দিগন্ত বাসটি কিছুটা পেছনে পড়ে যায়। বাসটি শৈলকুপার চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে আগুন জাতীয় বস্তুটি ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাস চালক বোরহান উদ্দিন জানান, গাড়ি চলা অবস্থাতেই মোটরসাইকেলের দুজন বাসে আগুন জাতীয় কিছু ছুঁড়ে মারে। তবে তা রাস্তায় ছিটকে পড়ায় তিনি বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বাসে থাকা আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন জানান, দীর্ঘ যানজট শেষে বাস চলতে শুরু করার পরই এই হামলার ঘটনা ঘটে। বোমাটি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারতো বলে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষার দাবি জানান।
হামলাকারীদের বিবরণ দিয়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান জানান, মোটরসাইকেল আরোহী দুজনের মাথায় হেলমেট ছিল। তাদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে রাতের অন্ধকারে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এই অপচেষ্টা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রলীগের কিছু দুষ্কৃতকারী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়সহ দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এই নাশকতার চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপারদের বিষয়টি জানানো হয়েছে।





