অস্ত্রোপচারের আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন লুৎফুজ্জামান বাবর

Published: November 9, 2026, 6:00 pm

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। এই অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার (১১ নভেম্বর) লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে লুৎফুজ্জামান বাবর বর্তমানে মেরুদণ্ডে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেশেই চিকিৎসা নিয়েছিলেন। নিয়মিত চিকিৎসা চললেও মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেছেন। এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা, দেশবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মহান আল্লাহর রহমতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুত সুস্থ হয়ে তিনি যেন দেশে ফিরে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, এ জন্য সবার কাছে তিনি প্রার্থনা কামনা করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy