চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Published: November 9, 2026, 5:07 pm

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনের সড়কে এই অভিযানটি পরিচালিত হয়।

চিরিরবন্দর থানা পুলিশের এসআই (নি.) নির্মল্য সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিঠুন রায় (২৫), আল আমিন (২১), হিরেন রায় (২৪) এবং মুরাদ বিন হোসেনকে (৪৫) আটক করা হয়। তাদের বিরুদ্ধে টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি লাইটার, একটি স্টিলের চামচ এবং একটি কাগজের তৈরি পাইপ জব্দ করা হয়েছে।

আটকের পর ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়কে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মুরাদ বিন হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin