দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে দক্ষ কারিগরি জনশক্তি এবং প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যম স্তরের প্রকৌশলী ও কারিগরি কর্মীরাই প্রযুক্তিভিত্তিক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম মূল শক্তি। এই প্রেক্ষাপটে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ ও কাঠামো নিয়ে তৈরি হওয়া বিতর্কটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমকে তিন বছরে রূপান্তর এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ট্রেড কোর্স চালুর উদ্যোগ নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
আইডিইবির আশঙ্কা, যথাযথ মূল্যায়ন ও সুনির্দিষ্ট প্রস্তুতি ছাড়া এ ধরনের অবকাঠামোগত পরিবর্তন কারিগরি শিক্ষার গুণগত মান এবং দক্ষ প্রকৌশলী তৈরির ধারাবাহিকতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সংস্থাসংশ্লিষ্ট উদ্বেগকে কেবল পেশাগত বা সংগঠনগত স্বার্থের জায়গা থেকে দেখার সুযোগ নেই; কারণ এর সঙ্গে কর্মবাজারের প্রকৃত চাহিদা ও দেশের কারিগরি শিক্ষার ভবিষ্যৎ যুক্ত। শিক্ষাক্রমের সময়সীমা কমিয়ে আনাই শিক্ষাব্যবস্থার সংস্কার কিংবা দক্ষ জনশক্তি গড়ার কার্যকর উপায় হতে পারে না। শিক্ষার্থীদের সময় ও ব্যয় কমানো কিংবা আন্তর্জাতিক শিক্ষাকাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনার পেছনে যৌক্তিকতা থাকতে পারে; তবে শ্রেণিকক্ষের বাইরে ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণের ঘাটতি কীভাবে পূরণ হবে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।
প্রকৌশল শিক্ষা কেবল তাত্ত্বিক বইনির্ভর নয়, বরং এতে ল্যাবরেটরি, ওয়ার্কশপ এবং মাঠপর্যায়ে বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের নিবিড় সম্পর্ক রয়েছে। এসব ব্যবহারিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুবিধা অসম্পূর্ণ রেখে পাঠ্যক্রম সংক্ষিপ্ত করা হলে সনদের সংখ্যা বাড়লেও মানসম্মত ও দক্ষ জনশক্তি অর্জনের লক্ষ্য পূরণ হবে না। একইভাবে পলিটেকনিক ইনস্টিটিউটে ট্রেড কোর্স চালুর পরিকল্পনাটিও গভীর পর্যালোচনার দাবি রাখে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণের শিক্ষাগত কাঠামো ও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। শিল্প খাত, নির্মাণ, বিদ্যুৎ, কৃষি ও তথ্যপ্রযুক্তির চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষার পরিসর বাড়ানো দরকার হলেও ডিপ্লোমা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মান অক্ষুণ্ন রাখা আবশ্যক।
এ ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্রমকে সময়োপযোগী করা। ল্যাবরেটরি ও ওয়ার্কশপের আধুনিকায়ন, পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা ছাড়া শিক্ষার মান উন্নত করা সম্ভব নয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প-কারখানা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্রভিত্তিক বাস্তব প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে শিক্ষা ও কর্মবাজারের মধ্যকার দূরত্ব কমবে, যা নিয়োগদাতাদের চাহিদানুযায়ী কর্মী পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াবে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারিগরি জনশক্তির পেশাগত মর্যাদা ও কর্মজীবনের সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্ব বহন করে। আইডিইবির অভিযোগ, উপসহকারী প্রকৌশলীদের পদোন্নতির পথ সীমিত রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনের পরও পদোন্নতির সুযোগ না থাকলে কর্মীদের মধ্যে হতাশা দেখা দেওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে পেশাগত স্বার্থের চেয়ে যোগ্যতা, অভিজ্ঞতা ও কাজের ধরনকে প্রাধান্য দিয়ে ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের কর্মপরিধি, দায়িত্ব এবং পদোন্নতির স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি, যাতে উভয় স্তরের পেশাগত স্বাতন্ত্র্য বজায় রেখে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।
কারিগরি শিক্ষার যেকোনো নীতিগত বা কাঠামোগত পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পমালিক ও পেশাজীবী সংগঠনের মতামত গ্রহণ করা উচিত। প্রস্তাবিত সংস্কারের সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কর্মবাজারের বাস্তব চাহিদা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কেবল শিক্ষাক্রমের সময় কমানো বা নতুন কোর্স চালু করাই সংস্কারের মূল উদ্দেশ্য হতে পারে না; বরং শিক্ষার মান, ব্যবহারিক দক্ষতা, কর্মসংস্থান এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করাই হওয়া উচিত মূল বিবেচ্য বিষয়। দক্ষ প্রকৌশলী তৈরিতে আপস না করে কারিগরি শিক্ষাকে আধুনিক, মানসম্মত ও কর্মমুখী করে তোলাই সময়ের দাবি।





