যশোরের চৌগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের ঢালীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যার আগে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘‘তারা কখন পানিতে পড়েছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।’’ স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, ‘‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই শিশুর মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত।’’
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’’





