কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ নিজের নামফলক দেখে নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রোববার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় তিনি লক্ষ্য করেন যে, সেখানে তার নাম খোদাই করা রয়েছে। এরপরই তিনি নামফলকে ব্যক্তির নাম ব্যবহারের বিষয়ে আপত্তি জানান এবং ভবনটি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের টাকায় নির্মিত সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
ঘটনার প্রেক্ষিতে রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।





