কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

Published: September 27, 2026, 4:33 pm

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না শেখ উপজেলার মধুরনাগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইখতিয়ার শেখের একমাত্র ছেলে। তিনি তিন বোনের একমাত্র ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে মুন্না একই গ্রামের এক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বের হন। কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের পাশে থাকা সাইড পিলারে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবির কুমার সাহা জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin