দেশব্যাপী তিন মাসব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজিত একটি কার্যক্রমে অংশ নিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক। রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এডিস মশাকে ‘বেয়াদব’ হিসেবে আখ্যায়িত করেন।
মশার আচরণের পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মো. আজমুল হক বলেন, সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এক সময় এডিস মশা কেবল পরিষ্কার পানিতে ডিম পাড়ত, কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এই ‘বেয়াদব’ মশাগুলো এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে। এছাড়া আগে মশা কেবল সকাল ও সন্ধ্যায় কামড়ালেও এখন তা দিনের পাশাপাশি রাতেও কামড়াচ্ছে। তাই এই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





