ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডা. আঁচল রায়। তিনি ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন এবং রাজধানীর মুগদা মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
ডা. আঁচল রায়ের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





