দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়েছেন খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী জয়নাল সরকার (৫৫)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিস্তার আহমেদ জানান, জয়নাল সরকার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি রূপসা থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। ১৯৯৯ সালে দায়ের করা ওই মামলায় জয়নাল সরকারের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া লাশ গুমের অপরাধে জয়নাল সরকারকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি এই মামলার রায়ের পর থেকে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





