প্রশাসনিক কারণে প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি

Published: September 27, 2026, 7:34 am

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে, তবে এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, শনিবার রাতেই ওসি জাহাঙ্গীর আলম তার দায়িত্ব হস্তান্তর করেছেন।

উল্লেখ্য যে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনাস্থলটি শাহ আলী থানা থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। সেখানে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে গতকাল ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং এতে পুলিশের কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা, তা বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin