আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানা গেছে। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করেছে। বর্তমানে দুই দেশের পক্ষ থেকেই এই সফরের সময়সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী অক্টোবরের শেষভাগ অথবা নভেম্বরের শুরুর দিকে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম নয়াদিল্লিতে বাংলাদেশের হয়ে দায়িত্ব গ্রহণ করবেন। তার দায়িত্ব নেওয়ার পর এই দ্বিপক্ষীয় সফর চূড়ান্ত করার প্রক্রিয়া আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এই সফরের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অমীমাংসিত ইস্যুটি ঢাকার জন্য অন্যতম বড় উদ্বেগের কারণ। এই বিষয়টি সফর বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রীও তাৎক্ষণিকভাবে এর ইতিবাচক উত্তর দেন, যা দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ঢাকা সফর করেছিলেন কি না, সে বিষয়ে দুই দেশের কোনো পক্ষই সুনির্দিষ্টভাবে কোনো তথ্য নিশ্চিত বা অস্বীকার করেনি।





