ঝড় ও বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-বোস্টন, লাখো পরিবার বিদ্যুৎহীন

Published: September 27, 2026, 6:16 am

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’। এর প্রভাবে নিউইয়র্ক, বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বিপজ্জনক উপকূলীয় বন্যা দেখা দেওয়ায় স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) পূর্ণিমা থাকায় উপকূলীয় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ইতোমধ্যে নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকার রাস্তাঘাট এবং বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে। নিছু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, উপকূলের কাছাকাছি নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঝড়ের কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় অংশই এই অঞ্চলের বাসিন্দা। এছাড়া আকাশপথে যোগাযোগেও বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ঝড়ের কারণে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল করা হয়েছে অন্তত ১ হাজার ১৯৯টি ফ্লাইট। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বড় ধরনের আয়োজন ও ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের কনসার্ট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে, যেখানে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পারফর্ম করার কথা ছিল। এছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের মধ্যকার ম্যাচটি রবিবার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় প্রায় ৮৬ কিলোমিটার (৫৫ মাইল) বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের এই ঝড়কে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin