দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় নিহত ১৭

Published: September 27, 2026, 8:20 am

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ওয়েস্ট র‍্যান্ড জেলার ওয়েদেলা এলাকার একটি টাউনশিপে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর রোববার থেকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের তথ্যমতে, আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রথমে পানশালার বাইরে অবস্থানরত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তারা পানশালার ভেতরে ঢুকে উপস্থিত লোকজনের ওপর গুলি বর্ষণ করে। হামলাকারীদের কাছে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল বলে জানা গেছে। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দক্ষিণ আফ্রিকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে উপস্থিত কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা দুটি অজ্ঞাত গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দেশটিতে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এর আগে গত সপ্তাহে ডারবান শহরের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ মোট ১১ জন নিহত হন। এছাড়াও জুন মাসে জোহানেসবার্গের একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন প্রাণ হারান। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy