সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষ, মোতায়েন বিপুল পুলিশ

Published: September 27, 2026, 7:56 am

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান এবং জলকামান প্রস্তুত রাখার চিত্র দেখা যায়।

এর আগে সকাল ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে এবং বর্তমানে শিক্ষার্থীরা কলেজের ভেতরে রয়েছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ওসি আরও জানান, সায়েন্সল্যাব মোড়ে প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নিউ মার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে পুলিশ সদস্যদের আলাদা আলাদা স্থানে মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin