বাগেরহাটে নিখোঁজের পর ছয় বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

Published: September 27, 2026, 6:40 am

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুসলিমা উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। শনিবার সন্ধ্যার পর কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলার সময় মুসলিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে স্থানীয়রা শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে সন্দেহজনক একটি বস্তা দেখতে পান। বস্তাটি খুলে শিশুটির মরদেহ পাওয়ার পর তারা মোল্লাহাট থানা পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা পানের বরজের মালিক শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করা হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy