মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ নেতার ভাইসহ দুইজন কারাগারে

Published: September 26, 2026, 3:50 pm

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফল এবং সংগঠনটির সক্রিয় কর্মী আবু জাফর মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ জামিনের আবেদন করলে আদালত আগামীকাল রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, আসামি মোতাহার হোসেন খান সুফল যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর মডেল থানার ৬০ ফিট ভাঙ্গাব্রিজ এলাকা থেকে সুফলকে এবং রাত আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে টেকনিক্যালগামী অভিজাত পরিবহনের একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা 'ঢাকা লক ডাউন' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অগ্নিসংযোগের সময় বাসে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী দ্রুত নেমে জীবন রক্ষা করেন। বাসটির পেছনের সিট ও ফ্যানসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা স্লোগান দিতে দিতে দারুসসালাম ও শাহআলী মাজারের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy