জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: September 19, 2026, 6:15 pm

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের জাতিসংঘ সংশ্লিষ্টতার ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখবেন।

তারেক রহমানের সফরসূচি অনুযায়ী, তিনি আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর তার সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন ঘটবে। এতে গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ইস্যু, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও তার বক্তব্যে উঠে আসবে। রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টিও এবারের সফরে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি ১১তম বিশেষ অধিবেশনে ধনী-দরিদ্র দেশগুলোর বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছিলেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন। জাতিসংঘ নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দিয়েছেন। এর মধ্যে ১৯৯৫ সালে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভা উল্লেখযোগ্য।

জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জিয়া পরিবারের সদস্য হিসেবে ১৯৮০ সালে যাত্রা শুরু হওয়া এই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে বজায় ছিল, যা ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin