চকরিয়ায় অপহৃত ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Published: September 28, 2026, 6:02 am

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। নিহত জিসান চকরিয়ার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জিসান কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন জিসানের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy