নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হলেন স্ট্যানলি পিউস রোজারিও

Published: September 28, 2026, 6:01 pm

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক স্ট্যানলি পিউস রোজারিও। গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’-এর ৩৩(১) ধারা অনুযায়ী তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্ট্যানলি রোজারিও ঢাকায় জন্মগ্রহণ করেন এবং এখানেই তাঁর শিক্ষাজীবন শুরু হয়। তিনি ১৯৯২ সালে কুর্মিটোলার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৪ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গণিতে এমফিল ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে স্ট্যানলি রোজারিও বর্তমানে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গণিতের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে শিক্ষকতা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy