রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ কার্যক্রম অক্টোবর মাসে শুরু হতে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, এই সরবরাহ প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ নাগাদ সম্পন্ন করা হবে।
প্রকল্পের সময়সূচি ও চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি দেশে আনা হয়েছিল, যা চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।
মূলত রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আনার পরিকল্পনা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জ্বালানিবাহী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। রোসাটম জানিয়েছে, তারা পরিবর্তিত সময়সূচি সম্পর্কে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করেছে এবং সেই নতুন সূচি অনুসারেই অক্টোবরে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হবে।





