ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ব্যবসায়ী শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ২৮ বছর বয়সী এই ব্যবসায়ী গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের আওধ গ্রিন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে নিচে পড়ে মারা যান। শুরুতে একে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও, পরে পরিবারের পক্ষ থেকে নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। শিবার মা রঞ্জনা শর্মা অভিযোগ করেন যে, তার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন ও ব্ল্যাকমেইল করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা দায়ের করে।
তদন্তের অংশ হিসেবে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যা নতুন মোড় নিয়েছে। গত ৪ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে ধারণ করা ওই ফুটেজে মডেল শ্রদ্ধা দুবেকে কালো পোশাকে শিবা শর্মার হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তাদের সঙ্গে শ্রদ্ধার বোন রশ্মিও ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা কোনো পার্টি বা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এই সিসিটিভি ফুটেজটি ঘটনার তদন্তে কী ভূমিকা রাখবে, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পর মডেল শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে এবং তাদের গাড়িচালক দানিশ আত্মগোপনে চলে যান। পরে ২০ অক্টোবর উত্তর প্রদেশ পুলিশ মহারাষ্ট্রের নাগপুর থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তারা বিচারিক হেফাজতে রয়েছেন। শ্রদ্ধা দুবে অবশ্য শিবাকে হত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডিংয়েও শিবার সঙ্গে অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথনের দাবি করা হয়েছে। পুলিশ বর্তমানে এই অডিও এবং সিসিটিভি ফুটেজসহ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।





