সৌদিতে নিয়ম লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

Published: October 25, 2026, 3:00 pm

সৌদি আরবে আবাসন অনুমতি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন মোট ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি আবাসনসংক্রান্ত বিধি, ৩ হাজার ৭৫০ জনের বেশি সীমান্ত নিরাপত্তা আইন এবং প্রায় ৩ হাজার ৫০০ জন শ্রম আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন।

তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৮৮১ জন এবং অবৈধভাবে দেশত্যাগের সময় ২২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ কিংবা যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে সৌদি কর্তৃপক্ষ প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে, যাদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২০ হাজারের বেশি প্রবাসীকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের পাসপোর্ট বা দেশে ফেরার প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের ব্যবস্থা করা যায়। তবে সাম্প্রতিক অভিযানে ফেরত পাঠানো প্রবাসীদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh