বাজিতপুরে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Published: October 25, 2026, 2:11 pm

কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি—চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উজানচর সমাজকল্যাণ সংঘের আয়োজনে এবং ঐক্যবদ্ধ পিরোজপুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী মাসুদুল ইসলাম বাবু। বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এর বিস্তার ঘটছে, যা তরুণ প্রজন্মকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। তারা মাদক নির্মূলে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত এলাকা গঠন ও যুবসমাজকে রক্ষার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin