সৌদি আরবের রাজধানী রিয়াদে পর পর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় অধিবাসীদের আকাশপথের সম্ভাব্য ঝুঁকি সংক্রান্ত জরুরি সতর্কবার্তা পাঠানোর পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে সামরিক পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তারা জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ অভিমুখে ধেয়ে আসছিল। তবে জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়।
এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে রিয়াদের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিপদের ঝুঁকিতে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনাবলী অনুসরণ করতে বলা হয়। পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে এবং বিপদ কেটে গেলে সেই সতর্ক সংকেত তুলে নেওয়া হয়। তবে সতর্কবার্তা প্রত্যাহারের পরও সিভিল ডিফেন্স সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি অযথা ভিড় না করা এবং ঘটনার দৃশ্য ধারণ বা ভিডিও করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
অন্যদিক মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে এবং অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের শঙ্কা জোরদার হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে সেনা পুনর্বিন্যাস, নতুন নৌ-প্রস্তুতি ও বিশেষ গোয়েন্দা সতর্কতা জারি করেছে। তবে রিয়াদের আকাশে ঘটে যাওয়া এই ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর এই সামরিক তৎপরতার কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।





