মুখ ঢেকে তর্কের জেরে লাল কার্ড পেলেন নেইমার, সান্তোসের ১-১ ড্র

Published: October 25, 2026, 6:41 am

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার শনিবার রাতে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে বাহিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা দল বিরতির পর মাঠে নামার আগেই চরম বিশৃঙ্খলায় পড়ে। বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন সান্তোসের অধিনায়ক নেইমার।

ম্যাচের প্রথম অর্ধেও এই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল। নেস্তরের সঙ্গে সংঘাতের কারণে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড পান নেইমার। এরপর বিরতির পর মাঠের দিকে ফেরার সময় সান্তোসের এই ১০ নম্বর তারকা নেস্তরের উদ্দেশ্যে পুনরায় মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তিনি হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে বাহিয়ার খেলোয়াড় বিষয়টি রেফারির নজরে আনেন।

ঘটনাটি খতিয়ে দেখে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) এতে হস্তক্ষেপ করে এবং 'ভিনি জুনিয়র রুল' প্রয়োগের সিদ্ধান্ত নেয়। এই বিশেষ নিয়ম অনুসারে প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে কেউ সম্ভাব্য অশালীন বা বৈষম্যমূলক মন্তব্য লুকাতে না পারে। নিয়ম লঙ্ঘনের কারণে রেফারি সান্তোস অধিনায়ককে সরাসরি লাল কার্ড দেখান।

লাল কার্ড দেখার পরও নেইমারের উত্তেজনা কমেনি। মাঠ ছেড়ে যাওয়ার সময়ও তিনি পুনরায় নেস্তরের সঙ্গে সংঘাতের চেষ্টা চালান। পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নেইমার স্বীকার করেন যে মুখ ঢেকে কথা বলা তার ভুল ছিল। তবে তিনি দাবি করেন প্রতিপক্ষকে কোনো খারাপ কথা বলেননি এবং নেস্তর অসৎ উদ্দেশ্য নিয়ে এই সুযোগ নিয়েছেন। অন্যদিকে, নেস্তরের অভিযোগ—নেইমার তাকে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য করেছেন।

সান্তোস ১০ জনের দলে পরিণত হলেও স্বাগতিক হিসেবে মাঠে লড়াই অব্যাহত রাখে। বলের লড়াইয়ে দারুণ পারফর্ম করা লুয়ান পেরেস পরবর্তীতে বেনজামিন রোলহেইসারের ক্রস থেকে চমৎকার গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। শেষ পর্যন্ত এই ড্রয়ে এক পয়েন্ট আদায় করে সান্তোস।

সরাসরি লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং মৌসুমের তৃতীয় হলুদ কার্ডের শাস্তিস্বরূপ আরও এক ম্যাচ—সব মিলিয়ে মোট দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাচ্ছেন নেইমার। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে আসন্ন ক্লাসিক্যাল ম্যাচে খেলতে পারবেন না তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh