গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

Published: November 9, 2026, 8:03 am

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সোমবার সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে এআইইউবির সামগ্রিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানও রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এআইইউবির উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh