দীপাবলির বাজি ও দূষণে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখে দিল্লি

Published: November 9, 2026, 9:16 am

দীপাবলির রাতে রাজধানী দিল্লিতে আতশবাজির ব্যাপক ব্যবহারের ফলে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকালে দিল্লির বাতাসে দূষণমাত্রার সূচক বা একিউআই ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, গত রোববার দিবাগত রাতে রাজধানীর কিছু এলাকায় দূষণ মাপার যন্ত্র অকেজো হয়ে পড়ে এবং একিউআই মাত্রা এক হাজার ছাড়িয়ে যায়।

দূষণ নিয়ন্ত্রণে দিল্লি এনসিআর এলাকায় বর্তমানে গ্র্যাপ-৩ বা তৃতীয় পর্যায়ের কড়াকড়ি বলবৎ রয়েছে। এই বিধিনিষেধের অধীনে দূষণ সৃষ্টিকারী সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং বাইরের রাজ্য থেকে আসা গাড়িগুলোর প্রবেশও বন্ধ রাখা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের নির্মাণকাজ স্থগিত রয়েছে। মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়গুলোকে বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দেওয়া হয়েছে। ইটভাটা ও পাথর ভাঙার কারখানাসহ অনুমোদিত জ্বালানি ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী কারখানাগুলোও বন্ধ রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষকে রাস্তা ও গাছপালায় পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ধূলিকণা বাতাসে মিশতে না পারে। এত উদ্যোগ সত্ত্বেও দিল্লির বায়ুদূষণ ৪৫০-এর নিচে নামানো সম্ভব হয়নি।

উৎসবের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এস সুন্দরেশ ও বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ বাজি পোড়ানোর বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিচারপতিরা স্পষ্টভাবে বলেছিলেন, যে নির্দেশ কার্যকর করা যায় না, তা দিয়ে কোনো লাভ নেই। আদালত দীপাবলির দিন সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র 'গ্রিন ক্র্যাকার' ফাটানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে রাত আড়াইটা পর্যন্ত দিল্লিতে বিরামহীনভাবে বাজি ফাটানো হয়েছে। এ নিয়ে কাউকে গ্রেপ্তার করার খবরও পাওয়া যায়নি।

এদিকে, আতশবাজি পোড়ানোর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কও দেখা দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা একে ধর্মীয় কর্তব্য হিসেবে দাবি করে আসছেন। মুম্বাইয়ে বৃহন্মুম্বাই পৌরসভা বম্বে হাইকোর্টের নির্দেশে বাজি-বিরোধী প্রচারণায় মাধুরী দীক্ষিত, অজিঙ্ক রাহানে ও দিয়া মির্জার মতো ব্যক্তিত্বদের যুক্ত করেছিল। তবে অভিনেত্রী দিয়া মির্জার অংশ নেওয়া নিয়ে বিজেপি ও হিন্দুত্ববাদীদের আপত্তির মুখে পৌরসভা তার আবেদন প্রত্যাহার করতে বাধ্য হয়, যা পরে বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে আবার ফিরিয়ে আনা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, বাতাসে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ দীপাবলির রাতে দিল্লিতে এই মাত্রা নির্ধারিত সীমার চেয়ে ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি ছিল। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে দিল্লি যেন এক 'বদ্ধ মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo