ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখছে সরকার। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা জানিয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, টেলিভিশন চ্যানেলের স্ক্রল নিউজে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি তার নজরে এসেছে। তবে তিনি নিজে এখনও বিষয়টির সত্যতা পুরোপুরি যাচাই করে দেখেননি। তিনি জানান, এই আবেদনের আইনগত ভিত্তি কী রয়েছে, আসলেই আবেদনটি নিয়ম মেনে করা হয়েছে কি না এবং একজন দণ্ডিত আসামি হিসেবে তার এমন আবেদন করার অধিকার আছে কি না—এসব খুঁটিনাটি আইনি দিক পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবে পররাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয়।
প্রাইমা ফেসি (Prima facie) বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশ থেকে তাকে আইন অনুযায়ী ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পতিত রাজনৈতিক শক্তি মাঝে মাঝে কিছু বাসে এবং বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালাচ্ছে। পুলিশ এ বিষয়ে সম্পূর্ণ আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং এসব অপতৎপরতা প্রতিহত করছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সম্প্রতি জানা যায়, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে একটি নতুন পাসপোর্ট ও এনআইডি কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। তার পক্ষে আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনসংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে রয়টার্স উল্লেখ করেছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা আবেদনের স্বপক্ষে তার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা তুলে ধরেছেন। এর ভিত্তিতেই নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান তারা। প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চান বলেও আইনজীবীরা দাবি করেছেন।





