আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

Published: November 9, 2026, 8:28 am

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের পক্ষ থেকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy