মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদীরা ময়না বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম (৪৫) বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. চঞ্চল মন্ডল (৩৮), তার স্ত্রী মোছা. জাহেরা (৩২) এবং চঞ্চলের মা হালিমা বেগমকে (৬৫) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে প্রধান আসামি চঞ্চল মন্ডলসহ তার স্ত্রী ও মাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।





