চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলা

Published: November 9, 2026, 8:24 am

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি করেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। বর্তমানে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।

মামলায় অভিযুক্ত অন্য ছয়জন হলেন চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ এবং অনুসন্ধানী অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। বাদীর দাবি, ওই প্রতিবেদনে তার বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে এবং কিছু অংশ কেটে প্রচার করা হয়েছে। এছাড়া ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করার পর চ্যানেল ২৪ পুনরায় সংবাদ প্রকাশ করে দাবি করে যে, তাদের প্রতিবেদনের কারণেই এই বরখাস্তের ঘটনা ঘটেছে।

তবে বাদী মো. আরিফুল ইসলাম তার আবেদনে দাবি করেছেন, চ্যানেল ২৪-এর প্রতিবেদনের সঙ্গে তার বরখাস্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা হয়। জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা-২০১৭ অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে তদন্তের স্বার্থেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি চ্যানেল ২৪-এর প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর হিসেবে অভিহিত করে এর সপক্ষে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৪: ০৯আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৪: ১৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh