শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: November 9, 2026, 8:45 am

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট নবায়নের আবেদন সম্পূর্ণ হাস্যকর। সরকার তাকে কোনো ভ্রমণ নথি দেওয়ার কথা ভাবছে না।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। তিনি বলেন, 'শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে।' বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দী বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তাকে ফেরত পাওয়ার পর যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। এতে ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার কর্তৃক তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের কথা উল্লেখ করে নতুন করে নথিপত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো বিদেশি ল ফার্ম বা আইনজীবীর প্রতিনিধিত্ব দিয়ে তার বর্তমান আইনি অবস্থার কোনো পরিবর্তন হবে না।

হুমায়ুন কবির অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। বর্তমানে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে আইনজীবী ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের সমালোচনা করেন তিনি। যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির প্রচেষ্টার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভুল তথ্য ছড়ানোর কারণে একটি জনসংযোগ প্রতিষ্ঠান ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে অধিকাংশ এ বিষয়ে নৈতিক অবস্থান বজায় রেখেছেন এবং মাত্র কয়েকজন তার পক্ষে অবস্থান নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy