বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দাদের নজরদারির মুখে পড়েছেন। বেইজিংয়ের কাছে বাণিজ্যিক ও গোপন তথ্য পাচারে অভিযুক্ত এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক থাকার খবর প্রকাশ পাওয়ার পর তার বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত শুরু করার কথা ঘোষণা করেছে এনভিডিয়া। অনলাইন গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত উঠে এসেছে।
অ্যাক্সিওসের রোববারের এক প্রতিবেদনে কর্মীদের কাছে পাঠানো হুয়াংয়ের একটি খসড়া ইমেলের বরাত দিয়ে জানানো হয়, এনভিডিয়া সিইও নিজেই সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন এবং নিজ কৃতকর্মের পুরো দায়ভার নিয়েছেন। ওই ইমেলে হুয়াং স্বীকার করেন যে তিনি নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং তার এমন পদক্ষেপ স্ত্রী ও সন্তানদের গভীর কষ্টের কারণ হয়েছে। তবে অ্যাক্সিওসের এই খবরের ব্যাপারে এনভিডিয়া তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেনি।
দ্য নিউ ইয়র্ক টাইমে গত অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত বছর গোয়েন্দারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হুয়াংয়ের সঙ্গে এক চীনা নারী ব্যবসায়ীর এই সম্পর্কের বিষয়ে অবহিত করেছিলেন। তবে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি তেমন গুরুত্ব দেননি। ট্রাম্প জানান, তিনি জেনসেন হুয়াংকে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি মনে করেন এবং নিশ্চয়ই এই ঘটনার পেছনে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। গোয়েন্দা তথ্য পাওয়ার পরও কেন সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে আগামী সপ্তাহে তার এশিয়া সফরে হুয়াংকে সঙ্গে নিতে পারলে তিনি খুশিই হবেন। ট্রাম্প আরও বলেন, হুয়াং কোনো অন্যায় করেছেন বলে তিনি শোনেননি, আর ব্যবসাসংক্রান্ত লেনদেন সবাই করে থাকে।
ট্রাম্প বিষয়টিকে শিথিলভাবে দেখলেও মার্কিন রিপাবলিকান আইনপ্রণেতারা এই ঘটনা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। তারা আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক এবং গোয়েন্দা কমিটির যৌথ রুদ্ধদ্বার বৈঠকে জেনসেন হুয়াংকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে বিদেশি শত্রুপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকানোর ক্ষেত্রে এনভিডিয়ার নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে জানতে চাওয়া হবে। একইসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ডেটাসেন্টার কোম্পানি 'মেগাস্পিড'-এর নির্বাহী অ্যালিস হুয়াং (যিনি হুয়াং লে নামেও পরিচিত) এর সাথে এনভিডিয়া সিইওর সম্পর্কের খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক কিংবা আত্মীয়তার সম্পর্ক নেই।
অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনে এনভিডিয়ার চিপ পাচারের সন্দেহ করা হচ্ছিল, যার ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা তার ওপর কড়া নজরদারি শুরু করেন। নিউ ইয়র্ক টাইমে উদ্ধৃত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র নিশ্চিত করেছে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে অ্যালিস বেইজিংয়ে বাণিজ্যিক ও প্রযুক্তিগত তথ্য পাচার করে চীনা রাষ্ট্রীয় গোয়েন্দা সম্পদ হিসেবে সক্রিয়ভাবে কাজ করছিলেন।
রোববার এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার কোনো গোপন নথি বা তথ্য হাতছাড়া হয়েছে—এমনটি মনে করার মতো কোনো প্রামাণিক কারণ এখনও পাওয়া যায়নি। তবে স্বাধীন তদন্তে যেসব তথ্য সামনে আসবে, তার সবই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ উল্লেখ করেছে, তারা মার্কিন জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং জেনসেন হুয়াং ও তার নেতৃত্বাধীন পরিচালনা দলের ওপর বোর্ডের পুরো আস্থা রয়েছে। বোর্ড আরও জানায়, এনভিডিয়া সিইও এই অভ্যন্তরীণ পর্যালোচনায় পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছেন।
রোববার দ্য টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত বসন্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপনীয় মেমো তৈরি করেছিলেন, যা ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার মেমোটিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, এনভিডিয়া সিইওর ঘনিষ্ঠ ওই নারী ব্যবসায়ী চীনা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন অনুমোদিত গুপ্তচর। কিন্তু এই জাতীয় নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও গত মে মাসে ট্রাম্প যখন চীন সফরে যান, তখন হুয়াংকে তার রাষ্ট্রীয় প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এমনকি সেপ্টেম্বরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত বর্ণাঢ্য নৈশভোজেও জেনসেন হুয়াং ও তার স্ত্রী লরি হুয়াংকে আমন্ত্রণ জানানো হয়।
বর্তমানে বিশ্বজুড়ে চলমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের পেছনে এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ও চিপগুলোর ভূমিকা অপরিসীম, যা জেনসেন হুয়াংকে বিশ্বপ্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। এই সুবাদেই তিনি ডনাল্ড ট্রাম্পের সাথে সুদৃঢ় ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কায় চীনকে শীর্ষমানের এআই চিপ সরবরাহের ওপর ওয়াশিংটন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও মার্কিন ডেটা ও মেধা সম্পত্তি চুরির চেষ্টার জবাবে চীনের ওপর কঠোর নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন। ধারণা করা হচ্ছে, মেগাস্পিডের অ্যালিস হুয়াং চিনের সরকারকে মার্কিন এসব বিধিনিষেধ এড়াতে পেছন থেকে সহায়তা করে আসছিলেন।
পুরো ঘটনার তদন্ত এমন এক সময়ে শুরু হলো যখন শেয়ারবাজারে এআই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং বিশেষ করে এনভিডিয়া চরম অর্থনৈতিক ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছে। এই মাসের শুরু থেকে শুরু হওয়া শেয়ার বিক্রির ঢল এবং হতাশাজনক আয় উপার্জনের খবরের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাসডাক এক্সচেঞ্জ থেকে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বা ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার কোটি টাকা সমপরিমাণ বাজারমূল্য হারিয়ে যায়। আর এক মাসের হিসাবে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বা ২ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। এনভিডিয়ার শেয়ারের দর এক ধাক্কায় ৩.১ শতাংশ হ্রাস পেয়েছে, যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫ ট্রিলিয়ন ডলার বা ৬ কোটি ১৯ লাখ ৯০ হাজার কোটি টাকা।





