হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠির সত্যতা নিয়ে ধোঁয়াশা হাইকমিশনে

Published: November 9, 2026, 8:31 am

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের যে তথ্য ছড়িয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, চিঠিটি আদৌ শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে পাঠানো এই চিঠিতে হাসিনার পক্ষ থেকে কোনো অনুমোদনের প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা ওই চিঠিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের যে পদক্ষেপ নিয়েছে, তার প্রেক্ষিতে নতুন করে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করা প্রয়োজন।

এদিকে, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করেছেন যে, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সুযোগ নেই। এছাড়া, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin