২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: September 20, 2026, 9:31 am

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলোও তার বক্তব্যে উঠে আসবে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বর্তমান সরকারের জন্য জাতিসংঘের এই বৈশ্বিক মঞ্চে এটি প্রথম অংশগ্রহণ। এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ মুহূর্ত।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যা পারস্পরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy