২৩ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মুখে ইরানের সব এয়ারলাইন

Published: September 21, 2026, 1:41 pm

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সব ইরানি এয়ারলাইন আন্তর্জাতিক পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ হারাতে যাচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানি এয়ারলাইনগুলোকে বিমান চলাচল সংক্রান্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপের মাধ্যমে এই কঠোর পদক্ষেপ কার্যকর করা হবে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরানি কোনো এয়ারলাইন যখন কোনো বিমানবন্দরে অবতরণ করবে, তখন তাদের জ্বালানি সরবরাহ, অবতরণ সংক্রান্ত সেবা প্রদান কিংবা টিকিট বিক্রির মতো কোনো কাজ করা যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা অমান্য করে, তবে তাদের ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হবে।

রোববার রাতে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের সঙ্গে আলোচনা শেষে মার্কিন অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের এই মার্কিন অভিযানে চীনা কর্মকর্তারা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এছাড়া ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে চীনের আর্থিক কর্তৃপক্ষগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বেসেন্ট আরও জানান, এই আলোচনায় চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর পান গংশেংও যুক্ত রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin