যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা, ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

Published: September 18, 2026, 10:13 am

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সময় সুমন মিয়া নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং কবির হোসেন পেছনে বসা ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খেলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে একটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে প্রাইম হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সেখান থেকে শুক্রবার সকাল নয়টার দিকে তাঁকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলচালক সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। কবির হোসেনের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, তারা গোপীবাগের একটি মেসে থাকতেন। তবে সুমন মিয়াকে তিনি চেনেন না এবং কবির কেন তাঁর সঙ্গে বেরিয়েছিলেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo