কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এক আসামি পুনরায় গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত মো. রুবেল (২৮) নামে ওই ব্যক্তি আদালত থেকে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মাথায় পুলিশের হাতে ধরা পড়েন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনার পর নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যায় তাকে পুনরায় কুমিল্লা আদালতে হাজির করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করার জন্য রুবেলকে আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। সেখানেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে রুবেলকে ধরতে ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
নিরাপত্তাবেষ্টিত আদালত প্রাঙ্গণ থেকে ওয়ারেন্টভুক্ত আসামির এ ধরনের পলায়নের ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত থেকে কৌশলে পালিয়ে যাওয়ার পর তাকে নাঙ্গলকোটের সীমান্তবর্তী এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করে সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে।





