স্বনির্ভর বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ: পানিসম্পদ মন্ত্রী

Published: September 18, 2026, 6:50 am

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দূরদর্শী চিন্তার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা ছিল একটি বিপ্লব। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে, যা দেশে এক নতুন জাগরণ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, দলীয় পরিচয় নির্বিশেষে সবাই মিলে এই কাজগুলোকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করা সম্ভব হবে। নদীমাতৃক এই দেশে মাছে-ভাতে বাঙালির অবস্থান সুদৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী জানান, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এর মধ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। এই খালের কচুরিপানা পরিষ্কার করে পানির প্রবাহ স্বাভাবিক রাখা হয়েছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy