রাঙামাটিতে ২২১ লিটার মদ ও সিএনজিসহ গ্রেপ্তার ৫

Published: September 17, 2026, 2:27 pm

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানাধীন সাপছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন এবং উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের যৌথ নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— সনেন্দ্র ত্রিপুরা (৪২), মো. নুরুল ইসলাম (৬৮), সিএনজি চালক হপেন ত্রিপুরা (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।

আটককৃতদের মধ্যে চারজনের বাড়ি খাগড়াছড়ির গুইমারা থানার সিন্দুকছড়ি ইউনিয়নে। বাকি একজন রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। অভিযানের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দল এই অভিযান পরিচালনা করে এবং মাদকসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy