রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের বালু ব্রিজ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথভাবে একটি বিশেষ ব্লক রেইড ও চেকপোস্ট পরিচালনা করেছে। বৃহস্পতিবার রাতের এই অভিযানে বিদেশি মদ এবং দেশীয় অস্ত্রসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে তিন বোতল হুইস্কি এবং কৃচসদৃশ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, রূপগঞ্জ থানা এলাকাটি নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগর পুলিশের সীমান্তবর্তী হওয়ায় মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নিয়মিত চেকপোস্ট ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ৩০০ ফিট সড়কটি মাদক চোরাচালান, সন্ত্রাসীদের চলাচল, ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া নাশকতাকারীরাও এই পথটি যাতায়াতের জন্য ব্যবহারের চেষ্টা চালায়।
পুলিশ সুপার আরও জানান, ৩০০ ফিট সড়কে অপরাধীদের অবাধ চলাচল ঠেকাতে ভবিষ্যতে বিশেষ চেকপোস্ট ও ব্লক রেইড অব্যাহত থাকবে এবং পুলিশের টহল জোরদার করা হবে। রূপগঞ্জ থানা এলাকায় জনবল সংকট এবং সড়কের একাধিক লেনের কারণে নজরদারি কঠিন হওয়ায় জেলা পুলিশ থেকে অতিরিক্ত সদস্য এনে এই অভিযান চালানো হচ্ছে। বর্তমানে এই এলাকায় টহল পার্টির সংখ্যা তিন-চারটি থেকে বাড়িয়ে সাত-আটটিতে উন্নীত করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।





