মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন

Published: September 30, 2026, 7:06 am

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে এই অভিযানের এক পর্যায়ে হকার ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin