দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪

Published: October 23, 2026, 12:54 pm

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৫ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে কিংবা হামের উপসর্গ নিয়ে চিকিৎসার আওতায় এসেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ল্যাব পরীক্ষার মাধ্যমে ২৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে। অন্যদিকে, একই সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছে আরও ১ হাজার ১১০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষা ছাড়াই হামের নানা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১ হাজার ১০৩ শিশু।

স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ শিশু হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin